
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার সংলগ্ন ধলুগাজীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শিল্পী রানী (৪০), তাঁর মেয়ে বীথি রানী (২২), জাহাঙ্গীর হাওলাদার (৩২) ও ইজিবাইকচালক কাইয়ুম প্যাদা (৫০)। তাদের সবার বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার বাসিন্দা।
স্বজনেরা জানান, মেয়ে বীথি রানীকে চিকিৎসক দেখাতে পটুয়াখালী যান শিল্পী রানী। চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাস রাতে ধলুগাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে। স্থানীয়রা দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক থেকে কাইয়ুম প্যাদা, শিল্পী রানী ও বীথি রানীর লাশ উদ্ধার করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর হাওলাদার।
ইজিবাইকের আহত যাত্রী লিলি বেগম (৪০) ও শামসুন্নাহারকে (৬০) পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা পটুয়াখালী সদর ও কলাপাড়ার বাসিন্দা। এছাড়া বাসের আহত পাঁচ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে। বাসের ভেতরে এবং পানিতে কারও লাশ আছে কিনা তা নিশ্চিত হতে রাতে উদ্ধারকাজ চালানো হয়।
.png)






