জীবিকা বিবেচনায় ধাপে ধাপে অটোরিকশা নিয়ন্ত্রণ: যোগাযোগমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০২
মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম। সংগৃহীত ছবি
মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম। সংগৃহীত ছবি

চালকদের জীবিকা বিবেচনায় ধাপে ধাপে অটোরিকশা নিয়ন্ত্রণ নীতিমালা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি লেকে ইয়ুথ ক্লাবের মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ করতে চাই এবং নিয়ন্ত্রণ করছি। কিন্তু এর দৌরাত্ম্য রয়েছে। অটোরিকশা কোথায় চলবে আর কোথায় চলবে না, সে বিষয়ে নীতিমালা দরকার।’

মন্ত্রী জানান, হাইওয়ে পুলিশ ও হাইওয়ে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয়ে নীতিমালা তৈরির কাজ চলছে। তবে কোনো নীতিমালাতেই মহাসড়কে অটোরিকশা চলার সুযোগ থাকবে না।

পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অটোরিকশার সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। রাতারাতি বন্ধ না করে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিকল্প সহায়তা দিয়ে পুরো খাতকে শৃঙ্খলার মধ্যে আনা হবে।

চালকদের জবাবদিহির ওপর গুরুত্বারোপ করে শেখ রবিউল আলম বলেন, ‘অটোরিকশা যেখানেই চলুক, তার জবাবদিহি দরকার। যাঁরা অটোরিকশা চালাবেন, তাঁদের ন্যূনতম যোগ্যতা প্রয়োজন। এসব বিষয় নীতিমালার মধ্যে এনে শক্তভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়ক ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব রাস্তা ও হাইওয়ে নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা। মহাসড়কে যানবাহনের চলাচলের অনুমোদন দেওয়ার এখতিয়ার এ মন্ত্রণালয়ের নেই। হাইওয়ে ব্যবস্থাপনার সঙ্গে একাধিক কর্তৃপক্ষ জড়িত থাকায় সড়ক ও মহাসড়কের সব অরাজকতার দায় এককভাবে যোগাযোগ মন্ত্রণালয়ের নয়।

তিনি জানান, সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মহাসড়কের সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করার কাজ চলছে।

ধানমন্ডি ইয়ুথ ক্লাবের সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকির সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত