রিবা আন্তর্জাতিক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের দুই স্থাপনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৯
সংক্ষিপ্ত তালিকার ৪ স্থাপনা। সংগৃহীত ছবি
সংক্ষিপ্ত তালিকার ৪ স্থাপনা। সংগৃহীত ছবি

স্থাপত্যক্ষেত্রে মর্যাদাপূর্ণ ‘রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬’-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের দুটি স্থাপনা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

বাংলাদেশের স্থাপনা দুটি হলো—ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস এবং রংপুরে কারুপণ্য রংপুর লিমিটেডের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি পরিবেশ ও মানুষের জীবনমান উন্নয়নে যুগান্তকারী নকশার জন্য বাংলাদেশের দুটি এবং বেলজিয়ামের দুটি স্থাপনা মনোনীত হয়েছে।

আগামী ১৫ অক্টোবর লন্ডনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবারের রিবা ইন্টারন্যাশনাল প্রাইজের ১০ম এবং রিবা স্টার্লিং প্রাইজের ৩০তম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। প্রতিযোগিতায় গ্র্যান্ড জুরির (প্রধান বিচারক) দায়িত্বে রয়েছেন ভারতের স্থপতি ও ‘স্টুডিও মুম্বাই’-এর প্রতিষ্ঠাতা বিজয় জৈন।

ভাগাড় থেকে ক্যাম্পাস

ঢাকার একটি পরিত্যক্ত ময়লার ভাগাড়কে (ল্যান্ডফিল) পরিবেশবান্ধব ভার্টিক্যাল ক্যাম্পাসে রূপান্তর করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ভবনে।

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস। সংগৃহীত ছবি
ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস। সংগৃহীত ছবি

সিঙ্গাপুরভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান 'ওহা'র (ডব্লিউওএইচএ) নকশায় নির্মিত এই ক্যাম্পাসে ২০ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতা রয়েছে। ১৫ তলা এই ভবনে প্রাকৃতিক উপায়ে শীতল রাখা এবং আলো-বাতাস চলাচলের বিশেষ ব্যবস্থা বা প্যাসিভ কুলিং রাখা হয়েছে। ভবনের ছাদে রয়েছে সবার জন্য উন্মুক্ত পার্ক ও বাগান। ঘনবসতিপূর্ণ শহরে শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত, তার এক দৃষ্টান্ত হিসেবে ভবনটি বিচারকদের নজর কেড়েছে।

শ্রমিকবান্ধব সবুজ কারখানা

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অপর স্থাপনা হলো রংপুরের কারুপণ্য লিমিটেডের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’। বাংলাদেশি স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টসের নকশায় নির্মিত এই কারখানা মূলত শ্রমিকদের সুস্থতা ও সুবিধার কথা মাথায় রেখে তৈরি। শতরঞ্জি শিল্পের প্রসারে নির্মিত এই কারখানায় প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন, যাঁদের অধিকাংশই নারী।

‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’। সংগৃহীত ছবি
‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’। সংগৃহীত ছবি

গ্রামবাংলার চিরায়ত বসতবাড়ির আদলে তৈরি সাত তলা এই ভবনে রয়েছে খোলা উঠান, জলাধার, বাগান ও প্রশস্ত বারান্দা। যান্ত্রিক শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক আলো-বাতাস নিশ্চিত করা হয়েছে।

তালিকায় থাকা অন্য দুই স্থাপনা

চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া বেলজিয়ামের দুটি স্থাপনার একটি হলো ব্রাসেলসের ‘রয়্যাল বেলজ’। ষাটের দশকের একটি ঐতিহাসিক অফিস ভবনকে হোটেল, রেস্তোরাঁ ও ওয়ার্কস্পেসে রূপান্তর করেছে ‘কারুসো সেন্ট জন আর্কিটেক্টস’। অপর স্থাপনাটি হলো হাসেল্ট শহরের ‘জেড৩৩’। এটি পুরোনো জাদুঘরের সম্প্রসারিত রূপ, যার নকশা করেছেন স্থপতি ফ্রান্সেসকা তোরজো।

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত