যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
স্পোর্টস ডেস্ক

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুর আন্তর্জাতিক সূচির জন্য তাকে দলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দারুণ পারফরম্যান্সের কারণে ডাক পেয়েছেন তিনি।
কাভানের নানি বাংলাদেশি। পরিবারের চার ভাইয়ের ফুটবলযাত্রাও বেশ বৈচিত্র্যময়। বড় ভাই কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে ২০২৫ সালে অভিষেক করেছেন। অন্যদিকে কাভানের যমজ ভাই ডেকলেন ও রোনান সুলিভান খেলছেন বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলে।
সম্প্রতি বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে তাদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। ফাইনালে রোনানের প্যানেনকা শটেই ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।
ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে চলতি মৌসুমে কাভান এখন পর্যন্ত ছয় গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন। স্যান ডিয়েগো এফসির বিপক্ষে ৫–০ ব্যবধানের জয়ে ক্যারিয়ারে প্রথমবার জোড়া গোলও করেন তিনি। এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখার কৃতিত্বও পেয়েছেন এই তরুণ।
আন্তর্জাতিক বিরতিতে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এর যেকোনো একটিতে মাঠে নামলেই দেশটির ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অভিষেক হবে কাভানের।
.png)


-40e58c.jpeg)



