গ্যাস-কাঁচামাল সংকট, কারিগরি ত্রুটি/রাষ্ট্রায়ত্ত সাত সার কারখানার পাঁচটিই বন্ধ, লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা
ঢাকা

রাষ্ট্রায়ত্ত সাত সার কারখানার পাঁচটিই বন্ধ, কৃষি উৎপাদন ব্যাহতের শঙ্কা
তীব্র গ্যাস সংকট, কাঁচামালের অভাব ও কারিগরি ত্রুটিতে রাষ্ট্রায়ত্ত সাতটি সার কারখানার পাঁচটিই এখন বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন বিপর্যয়ের মুখে পড়ায় আসন্ন মৌসুমে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সূত্রে জানা গেছে, গ্যাস সংকটের কারণে জামালপুরের যমুনা ফার্টিলাইজার প্রায় সাত মাস এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার দেড় বছর ধরে বন্ধ। কাঁচামালের অভাবে বন্ধ রয়েছে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড ও ডিএপি ফার্টিলাইজার। অন্যদিকে গ্যাস পেয়ে ছয় মাস পর গত ১৫ সেপ্টেম্বর উৎপাদনে ফিরলেও কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডেরও (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বর্তমানে কেবল সিলেটের শাহজালাল ফার্টিলাইজার ও নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার সচল রয়েছে। বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিও (কাফকো) রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অব পার্সোনেল ফারুখ আহমেদ।
বিসিআইসির হিসাবে, গত ২০২৫-২৬ অর্থবছরে ১৮ লাখ ৫৫ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ১২ লাখ ৫৪ হাজার ৫৬০ টন, অর্থাৎ লক্ষ্যমাত্রার ৩২ শতাংশ ঘাটতি ছিল। আশুগঞ্জে ১ লাখ টনের বিপরীতে উৎপাদন ছিল শূন্য এবং যমুনায় আড়াই লাখ টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে মাত্র ৩৮ হাজার ২৩৮ টন। তবে ঘোড়াশাল পলাশ সাড়ে আট লাখ টনের বিপরীতে ৭ লাখ ৬৪ হাজার ৫৩৫ টন উৎপাদন করেছে।
কৃষি উৎপাদনে ইউরিয়া সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দেশে বছরে ২৬ লাখ টন চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানি করতে হয়। অভ্যন্তরীণ সার কারখানাগুলো বন্ধ থাকায় আসন্ন আবাদি মৌসুমে সারের সংকট ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিসিআইসির পরিচালক (উৎপাদন ও গবেষণা) মো. মনিরুজ্জামান স্ট্রিমকে বলেন, ‘কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। টিএসপি ও ডিএপির কাঁচামালের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস নিশ্চিত করা গেলে উৎপাদন লক্ষ্যমাত্রার কাছাকাছি যাওয়া সম্ভব হবে।’
.png)


-40e58c.jpeg)



