ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ ও টফিতে বিশ্বকাপ দেখতে বিড়ম্বনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৯: ০৬
স্ট্রিম গ্রাফিক

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের মালিকানাধীন ওটিটি প্লাটফর্ম ‘বায়োস্কোপ’ এবং বাংলালিংকের ‘টফি’তে সাবস্ক্রিপশন ফি দিয়ে ম্যাচ দেখার সুযোগ রয়েছে বাংলাদেশি দর্শকদের। কিন্তু বিপত্তি বেঁধেছে খেলা শুরু হওয়ার পর।

বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) বিশ্বকাপ ফুটবলের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত মূল্য দিয়ে সাবস্ক্রিপশন কেনার পরও ওটিটি প্ল্যাটফর্ম দুটিতে খেলা দেখতে পারেননি গ্রাহকরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা।

দর্শকদের অভিযোগ, ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই অ্যাপে তীব্র ‘বাফারিং’ এবং স্লো লোডিং শুরু হয়। আবার অনেকে অভিযোগ করেছেন, খেলা ১০-১৫ মিনিট চলার পর স্বয়ংক্রিয়ভাবেই অ্যাপ বা ওয়েবসাইট থেকে গ্রাহকদের বের করে দেওয়া হচ্ছে।

খেলা চলাকালীন প্রতি কয়েক সেকেন্ড বা মিনিট পরপর স্ক্রিন লোড হতে থাকায় সাবলীলভাবে ম্যাচ উপভোগ করা থেকে বঞ্চিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। ওটিটি ব্যবহারকারীদের অনেকেই স্মার্ট টিভিতে খেলা দেখতে গিয়ে দীর্ঘক্ষণ আটকে থাকছেন, যার ফলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত হাতছাড়া হয়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ নেটিজেনদের দাবি, সাবস্ক্রিপশন ফি নেওয়ার পরও ওটিটি প্ল্যাটফর্মগুলোর এমন নিম্নমানের সেবা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই কারিগরি সমস্যার স্থায়ী সমাধান চান তারা। অনেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কমপ্লেইনও করছেন।

গ্রাহকদের এমন অভিযোগের মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে টফি। ফেসবুকে দেওয়া এক পোস্টে টফি কর্তৃপক্ষ গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে। তারা জানিয়েছে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য তাঁরা বিটিভির সঙ্গে নিরলসভাবে কাজ করছেন।

গ্রাহকদের অভিযোগের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক মাসুম আরেফিন স্ট্রিমকে বলেন, ‘আমাদের কাছে এখনো সশরীরে এ ধরনের অভিযোগ আসেনি। অনলাইনে যদি কেউ অভিযোগ করে থাকে, সে বিষয়ে রোববার অফিসের কার্যক্রম শুরু হলে জানা যাবে।’
উল্লেখ্য, চলতি বছরের ফুটবল বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলা দেখা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। পরে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্যোগে তা কেটে যায়। দেশের ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনে বাংলাদেশ সরকার। সরকারের উদ্যোগের পর বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম বিশ্বকাপের ম্যাচ দেখানোর ব্যবস্থা নেয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত