নারায়ণগঞ্জ ও সাভারে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ ও সাভার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ও সাভারে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় নীলাচল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এই দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়ার পর তা দ্রুত বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী স্ট্রিমকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাভার পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত
সাভার পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুনে বাসটির কিছু আসন পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত