জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবি পার্টির
স্ট্রিম প্রতিবেদক

লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জনবান্ধব নীতি গ্রহণের দাবি জানিয়েছেন দলটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, এর আগেও কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ সরকারের দায়িত্বশীলরা জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এমনকি গত মার্চেও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, তেলের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই।
তাঁরা অভিযোগ করেন, জনগণের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য না রেখে এক লাফে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোয় মানুষের ওপর নতুন করে মূল্যস্ফীতির বোঝা চাপিয়ে দেবে। এর প্রভাব পড়বে গণপরিবহন ও পণ্য পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন, শিল্পকারখানা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।
বিবৃতিতে নেতারা আরও বলেন, তেলের দাম বাড়ানোর আগে সরকারের উচিত ছিল এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতের মূল্যায়ন করা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দায় জনগণের ওপর না চাপিয়ে জ্বালানি খাতের অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পদক্ষেপ নিতে হবে।
অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানিয়ে তারা এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন।
-3f0d26.jpeg)







