কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৪
বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোশিয়েশন
বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোশিয়েশন

এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। সোমবার (২১ সেপ্টেম্বর) টোকাই সিটিজেন জিমনেসিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৯-৩৫ পয়েন্টে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে শুরু থেকেই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রথমার্ধে ১৭-১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে কৌশলী আক্রমণের ধার বাড়িয়ে আরও ২২ পয়েন্ট আদায় করে শেষ পর্যন্ত ৩৯-৩৫ পয়েন্টের জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। পুরো ম্যাচে বাংলাদেশ ৬ বোনাস ও ৪ অল-আউট পয়েন্ট অর্জন করে। বিপরীতে কোরিয়ানরা পায় ৮ বোনাস ও ২ অল-আউট পয়েন্ট।

এবারের এশিয়ান গেমসে ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল আগামী ২৫ সেপ্টেম্বর সেমিফাইনালের টিকিট পাবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের অপর প্রতিদ্বন্দ্বীরা হলো ভারত, চাইনিজ তাইপে ও জাপান।

আজ বিকেল সাড়ে ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে মাঠে নামবে দল। জাপানকে হারাতে পারলে সেমিফাইনালের সমীকরণে এগিয়ে থাকবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ কাবাডি দল এর আগে ১৯৯০, ১৯৯৪ এবং ২০০২ সালের আসরে রৌপ্য পদক অর্জন করেছিল। অন্যদিকে, নারী ক্যাটাগরিতে গ্রুপ ‘এ’-তে আজ বিকেল পৌনে ৬টায় নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী কাবাডি দল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত