সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৫
আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণগুলো ঘটে। ছবি: সংগৃহীত
আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণগুলো ঘটে। ছবি: সংগৃহীত

উত্তর সিরিয়ায় একটি অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস শহরের কাছে একটি সিরীয় সেনাঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আলেপ্পোয় বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আহত চারজনকে সরিয়ে নিয়েছেন। তবে ‘একটানা বিস্ফোরণের’ কারণে জরুরি সেবাদানকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না। এ কারণে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আল-জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো জানান, প্রাথমিক বিস্ফোরণের পর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যাচ্ছে। আমরা এখন একের পর এক অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি ঘটনাস্থলের দিকে যেতে দেখেছি।’

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলো পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।’

বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় বিস্ফোরণের ঘটনাস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপির বরাতে জানান, তাঁরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে ছাদে উঠে দূরে আগুনের শিখা দেখতে পান।

সিরিয়ায় এর আগে এমন আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে দেশটি।

শুক্রবার দেইর আজ জোর প্রদেশের পূর্বাঞ্চলে একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন।

চলতি মাসের শুরুতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন।

এর এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়ি বিস্ফোরিত হলে পাঁচজন নিহত হন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত