জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য উপদেষ্টার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯: ২৮
বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: বাসস

ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করে জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে এই রায় জরুরি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ভোটের রিকশা’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তর এই প্রচার কার্যক্রমের আয়োজন করে।

তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ আলোচনার পর সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্নে এই গণভোট হবে। সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিয়ে রিজওয়ানা হাসান বলেন, এলাকার ও দেশের জন্য ভালো—এমন নেতাকেই নির্বাচিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন ও সুন্দর আগামী চাইলে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ৬৪ জেলার ৪ হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে এসব রিকশা। উপদেষ্টা আটটি বিভাগের জন্য আটটি রিকশা উদ্বোধন করেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত