রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে তারেক রহমানের লাল গোলাপ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২০: ০২
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ কক্ষে ভোট গ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ সময় প্রধানমন্ত্রী পাশে বসে থাকা মির্জা ফখরুলের সঙ্গে হাত মিলিয়ে এবং লাল গোলাপের স্টিক দিয়ে প্রথম অভিনন্দন জানান। সংসদ সদস্যরা তখন টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিবাদন জানান।

ফল ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্য সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে আসেন। মির্জা ফখরুল প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান আসন থেকে উঠে রাষ্ট্রপতির সঙ্গে পুনরায় কোলাকুলি করেন এবং ডা. শফিকুর রহমানের সঙ্গেও কোলাকুলি ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মো. তাহেরও নতুন রাষ্ট্রপতির সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দন জানান।

পরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন এবং সকল সংসদ সদস্যের সঙ্গে কোলাকুলি করেন।

এছাড়া ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, ‘দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে তারেক রহমানের লাল গোলাপ