উল্টে যাওয়া পিকআপের ডিম কুড়াতে ব্যস্ত, বাসচাপায় নিহত ৫

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি এলাকায় দুর্ঘটনায় প্রাণহানির পর বিক্ষুব্ধরা কয়েকটি গাড়িতে আগুন দেন। ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি এলাকায় দুর্ঘটনায় প্রাণহানির পর বিক্ষুব্ধরা কয়েকটি গাড়িতে আগুন দেন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় পাঁচজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা দুর্ঘটনাকবলিত বাসসহ অন্তত ছয়টি গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, মো. জয়নাল (২৭), মো. আরিফ (২৭) ও ওবায়দুর রহমান (৪০)। অন্য দুজনের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদি এবং আশপাশ এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে সোয়াদি এলাকায় মহাসড়কে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। স্থানীয়রা সড়ক থেকে ডিম তুলতে থাকেন। এ সময় নড়াইল এক্সপ্রেসের দ্রুতগতির বাসটি পিআপকে ধাক্কা দেয়। এতে অনেকে চাপা পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শুভ চক্রবর্তী জানান, বাসটি মহাসড়কে ডিম কুড়াতে থাকা ব্যক্তিদের চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। পরে স্থানীয় জনতা অন্তত ছয়টি বাস-ট্রাকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

ওসি আরও জানান, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেস বাসটিসহ অন্তত ছয়টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেন। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, তাদের হাসপাতালে আহত ছয়জনকে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত