বিকট শব্দে বাইক চালানোয় কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
নওগাঁ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪: ২১
সাইলেন্সর বদলে মোটরসাইকেলে উচ্চশব্দের কারণে কিশোরকে জরিমানা করে ট্রাফিক পুলিশ। ছবি: সংগৃহীত
সাইলেন্সর বদলে মোটরসাইকেলে উচ্চশব্দের কারণে কিশোরকে জরিমানা করে ট্রাফিক পুলিশ। ছবি: সংগৃহীত

নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দের অভিযোগে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাঁর মোটরসাইকেলটি জব্দ করে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় জেলা পরিষদ পার্কের গেটের সামনে থেকে স্থানীয়রা ওই কিশোরকে ধরে ট্রাফিক পুলিশে দেন। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল জব্দ এবং মামলা দেয়।

নওগাঁর ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তনের মাধ্যমে বিকট শব্দ করা আইনবিরোধী। ওই কিশোরের ড্রাইভিং লাইসেন্সও নেই। এসব কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সাইলেন্সরটি রেখে দেওয়া হবে।

পুলিশ জানায়, কিশোরের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। পরিবারের সঙ্গে নওগাঁ শহরে ভাড়াবাসায় বসবাস করছে সে।

স্থানীয়দের অভিযোগ, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছুটির সময়ে ওই এলাকায় কিশোরেরা বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। কয়েকদিন ধরে ওই কিশোর একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে শহরের বিভিন্ন সড়কে উচ্চ শব্দে চালিয়ে আসছে। হঠাৎ বিকট শব্দে মোটরসাইকেল চালানোর কারণে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে।

আটক কিশোরের মা বলেন, ‘ছেলে আমাদের কথা শুনতে চায় না। তাকে নিয়ে আমরা অনেকটা অসহায় হয়ে পড়েছি। জেদ করে আমাদের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছে। অনলাইনেও টুকটাক কাজ করে। সেই কাজের টাকা দিয়ে সাইলেন্সর পরিবর্তন করেছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত