ইরান-ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দুই দেশের বাইরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে কাতার, ইরাক ও লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করে দিয়েছে দূতাবাসগুলো।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সকলকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখার কথাও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করেছে দূতাবাস। সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থী।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪৩৩৬৬২০০০ এবং ই-মেইলে (
[email protected]) যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
ইরাকের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে, ইরান-ইসরাইলের মধ্যে উদ্ভুত সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সকলকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। এ বিষয়ে ইরাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ইরাক সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন +9647827883680 (হোয়াটসঅ্যাপ) ও ইমেইলে (
[email protected]) যোগাযোগের জন্য বলা হয়েছে।
এদিকে, লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ‘নিরাপত্তা বিষয়ক সতর্কতামূলক বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে। এতে লেবানন ও পার্শ্ববর্তী দেশে উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে লেবানন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বেশ কয়েকটি পরামর্শ মেনে চলার কথা বলা হয়।
এরমধ্যে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং রাজধানী বৈরুতের দাহিয়ে ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলাফেরা করা, বিশেষ প্রয়োজন ছাড়া রাতে চলাফেরা না করা, লেবানন সরকারের নির্দেশনা অনুসরণ, জরুরি প্রয়োজন ছাড়া জমায়েত পরিহার করার পরামর্শ রয়েছে।
আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর ৭১২১৭১৩৯ (হোয়াটসঅ্যাপ), হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ (হোয়াটসঅ্যাপ) এবং হট-লাইন নম্বরে ৭০৬৩৫২৭৮ (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করুন।