পথকুকুর নিধন বন্ধে ঢাবিতে মানববন্ধন, ৫ দাবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৭: ১৫
বিভিন্ন স্থানে পথকুকুর নিধনের প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবনন্ধন হয়। ছবি: সংগৃহীত

বিভিন্ন স্থানে পথকুকুর নিধনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবনন্ধন হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচিতে স্বেচ্ছাসেবী, প্রাণিকল্যাণকর্মী, আইনজীবীরা অংশ নেন।

এএলবি অ্যানিম্যাল শেল্টার (অ্যানিম্যাল লাভার্স অফ বাংলাদেশ), ‘গ্রিট ফাউন্ডেশন’সহ বিভিন্ন প্রাণিকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে মানববন্ধনে ৫ দাবি জানানো হয়। এগুলো হলো­– প্রাণিকল্যাণ আইন, ২০১৯ এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন, কুকুর নিধন ও অবৈধ স্থানান্তরের যেকোনো উদ্যোগ বন্ধ, দেশব্যাপী পুনরায় সিএনভিআর কার্যক্রম পরিচালনা, জলাতঙ্ক প্রতিরোধে গণটিকা কর্মসূচি সম্প্রসারণ ও প্রয়োজনীয় বরাদ্দ এবং সামাজিক মাধ্যমে আতঙ্ক ও বিদ্বেষ সৃষ্টিকারী বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়।

মানববন্ধনে গ্রিট ফাউন্ডেশনের পরিচালক নিলুফার ইয়াসমিন টুম্পা বলেন, একটি সমাজের সভ্যতা, মানবিকতা ও নৈতিকতার প্রকৃত মাপকাঠি নির্ধারিত হয়, দুর্বল ও অসহায়দের কতটা সুরক্ষা দেয় তার মাধ্যমে। যে সমাজে দুর্বল নিরাপত্তা পায় না, মর্যাদা পায় না, সেই সমাজ এখনো সভ্য ও মানবিক হয়নি।

তিনি বলেন, রামিসারা বর্বরভাবে খুন হচ্ছে। এসব বর্বরতার হাতেখড়ি হয় কিন্তু কুকুর-বিড়াল মেরেই। যার শেষ পরিণতির শিকার মানুষ। যে সমাজ একটি অসহায় প্রাণীর প্রতি দয়া ও সহমর্মিতা দেখাতে শেখে, সেটি ধীরে ধীরে মানুষের প্রতিও দায়িত্ব এবং সহনশীল হয়ে ওঠে।

মানববন্ধনে এএলবি অ্যানিম্যাল শেল্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপান্বিতা হৃদি আশা প্রকাশ করেন, বৈজ্ঞানিক বাস্তবতা এবং জনস্বাস্থ্যের স্বার্থ প্রাধান্য দিয়ে সরকার মানুষ ও পথপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত