
যোগাযোগমাধ্যম টেলিগ্রামে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় কোটি টাকা আত্মসাতের মামলায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– নিকলী উপজেলার দামপাড়ার মোজাম্মেল হকের ছেলে জুলহাস উদ্দিন (৩৯) ও করিমগঞ্জ উপজেলার গুনধর এলাকার রেনু মিয়ার ছেলে প্রহর (২৮)। গত ৩ জানুয়ারি পল্টন থানায় মেহেদি হক নিয়ন নামে এক ভুক্তভোগীর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এজাহার থেকে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট অনলাইন প্রতারক চক্রটি টেলিগ্রাম আইডির মাধ্যমে বাদীকে একটি জুয়েলারি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেয়। আগ্রহ দেখালে একটি ভুয়া ওয়েবসাইটে তাঁকে যুক্ত করে। প্রথমে অনলাইনে অর্ডার নিশ্চিত করার মাধ্যমে কমিশনের প্রস্তাব দেয়। একপর্যায়ে প্রতারক চক্রটি বাদীকে ৯০টি অর্ডার নিশ্চিত করতে বলে। ওই সময় অর্ডার নিশ্চিতের পর বিভিন্ন অঙ্কের মুনাফা বাদীর অ্যাকাউন্টে দেখানো হতো। পরবর্তী সময়ে অর্ডার শেষ করতে এবং প্রদর্শিত মুনাফার টাকা তুলতে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা জমা দিতে বলা হয়। এভাবে কয়েক দফায় ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করে চক্রটি।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তে নেমে সিআইডি বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চক্রটির ১২ সদস্যকে গ্রেপ্তার করে। সবশেষ গতকাল মামলার ১৯ নম্বর আসামি জুলহাসকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে পরে আরেক আসামি প্রহরকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
.png)


-40e58c.jpeg)



