মৌলভীবাজার জেনারেল হাসপাতাল /শয্যার দ্বিগুণ রোগী, চিকিৎসক অর্ধেক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২১
মৌলভীবাজার জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

চিকিৎসক ও জনবল সংকট, ধারণক্ষমতার দ্বিগুণ রোগীর চাপ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ধুঁকছে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফলে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

জেলার প্রায় ২১ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতালটিতে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২৫০টি শয্যা থাকলেও প্রতিদিন গড়ে ৪৫০ থেকে ৫০০ জন রোগী ভর্তি থাকেন। শয্যা না পেয়ে অর্ধেক রোগীকে মেঝে, বারান্দা ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালে অনুমোদিত ৮৪ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪০ জন। সিনিয়র কনসালট্যান্টসহ অর্ধেকের বেশি পদ ফাঁকা থাকায় এবং সহায়ক জনবলের ৪০৮টি পদের মধ্যে ১০৩টি শূন্য থাকায় স্বাভাবিক সেবা ব্যাহত হচ্ছে। এর ওপর প্রতিদিন জরুরি ও বহির্বিভাগে গড়ে দেড় হাজার রোগী আসেন।

হাসপাতালে রোগ নির্ণয়ের সুযোগও সীমিত। সপ্তাহে মাত্র তিন দিন এক্স-রে, দুই দিন সিটি স্ক্যান ও চার দিন আলট্রাসনোগ্রাফি সেবা মেলে। হাসপাতালে কোনো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই), নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হৃদযন্ত্রের নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) সেবা নেই। ফলে মুমূর্ষু ও জটিল রোগীদের বাধ্য হয়ে সিলেটসহ দূরবর্তী স্থানে স্থানান্তর করতে হচ্ছে।

ডায়ালাইসিস সেবায় প্রয়োজনীয় রাসায়নিকের সংকটের কারণে বর্তমানে প্রায় ২০০ কিডনি রোগী সিরিয়ালে আটকে আছেন। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ডায়াবেটিস রোগী মায়া বেগম ও আলট্রাসনোগ্রাফির রোগী পপি আক্তারের মতো অনেকেই বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অতিরিক্ত খরচে পরীক্ষা করাচ্ছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস জানান, সীমিত চিকিৎসক ও জনবল দিয়ে সহস্রাধিক রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং বিভাগীয় পর্যায়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে স্থানীয় সচেতন নাগরিকেরা মৌলভীবাজারে দ্রুত একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত