১১ দলের রংপুর লংমার্চ সফল করতে কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার
স্ট্রিম প্রতিবেদক

সাত দফা দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ করবে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। লংমার্চ সফল করতে কোটি কোটি মানুষ প্রস্তুত বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘১ হাজারের বেশি গাড়ি নিয়ে এই লংমার্চ হবে। নারীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে অভিবাদন জানাবেন বলে আমরা খবর পেয়েছি।’
সাত দফা দাবিগুলো হলো—গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
গোলাম পরওয়ার বলেন, ‘গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আমরা ছয় দফা দাবি নিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছি। বর্তমানে আরেকটি দফা যুক্ত হয়ে সাতটি হয়েছে। বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। এসময় এই অঞ্চলের কোটি মানুষের প্রাণের দাবির কারণে উত্তরবঙ্গ অভিমুখী লংমার্চে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে দ্বিধা-দ্বন্দ্ব অথবা ভীতিতে রয়েছে, তা অবিলম্বে দূর করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সব ধরনের পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চের বহর রংপুর অভিমুখে রওনা হবে। সকাল ৭টায় সেখানে একটি উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। বহরটি গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভায় মিলিত হবে। সমাপনী সমাবেশে হবে রংপুরের জিলা স্কুল মাঠে।
গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের প্রতি আমাদের আবেদন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ লংমার্চে যেন কোনোভাবে বাধা বা অন্তরায় সৃষ্টি না করা হয়। আমাদের নেতাকর্মীদের অনুরোধ করেছি, তারা যেন কারও উসকানিতে পা না দেন। চরম ধৈর্য ও সংযম দেখিয়ে গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব।’
সংবাদ সম্মেলনের আগে জামায়াতের লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।







-d20038-256x144.webp)