নতুন কুঁড়ি স্পোর্টসের খবরকে ‘অগ্রাধিকার’ দেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৯: ০১
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও থেকে নেওয়া ছবি

নতুন কুঁড়ির শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে গণমাধ্যমগুলোকে তাঁদের খেলার খবর লিড নিউজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন মাসব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনীতে এই কথা বলেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘এই ইভেন্ট বাংলাদেশের ভবিষ্যৎ। প্যান্ডেলের নিচে এবং গ্যালারিতে বসে থাকা শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের কাছে অনুরোধ, আগামীকাল আপনাদের পত্রিকা ও সম্প্রচার প্রতিষ্ঠানে বাচ্চাদের খেলার এই নিউজ লিড করবেন।’

বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে রংপুর ও রাজশাহী বালিকা ফুটবলের ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন প্রধানমন্ত্রী। ম্যাচে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয় রংপুর অঞ্চল।

প্রধানমন্ত্রীর উপস্থিতির আগেই শেষ হওয়া বালক ফুটবলের ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে সিলেট অঞ্চল।

এ ছাড়া প্রধানমন্ত্রী বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতাও উপভোগ করেন। বালক বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে স্বর্ণপদক লাভ করেন খুলনা অঞ্চলের জাকির হোসেন। আর বালিকা বিভাগে ১৩ দশমিক ৭৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন ঢাকা অঞ্চলের মারিয়া।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে গত ১ জুলাই থেকে নতুন কুঁড়ির দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসর চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আট ইভেন্টে দেশজুড়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রায় ৬০-৭০ হাজার প্রতিযোগী এতে অংশ নেন।

Ad 300x250

সম্পর্কিত