
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে কারখানার ভেতরে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঘটনাস্থলে এক নারীর মরদেহ পাওয়া যায়।
নিহত ওই নারীর পরিচয় মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) হিসেবে জানা গেছে। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। অন্য পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে বিস্ফোরণে আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন নজরুল ইসলাম (৩০) রাত সাড়ে ১০টার দিকে মারা যান। তিনি কারখানার সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করতেন। তাঁর সঙ্গে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুজন মিয়া (২৫), তাঁর বাবা মুখলেস মিয়া (৪৫) এবং গ্যাস পরিবহণকারী গাড়ির চালক নুর ইসলাম (৩০)। নুর ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম বলেন, তাঁর বাবা আশুলিয়ার শিমুলতলায় থাকতেন এবং কারখানার সামনে পেঁয়াজ-রসুন বিক্রি করতেন। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তাঁকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহত মুখলেস মিয়া জানান, বিস্ফোরণের পর লোহার টুকরা, ইটপাটকেল ও কাচ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তার ছেলে সুজন মাথায় আঘাত পান এবং তিনি নিজেও হাতে আঘাত পান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের ঢামেকে পাঠানো হয়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে বিস্ফোরণের পর আগুন পাশের একটি পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় আনসার সদস্য মাসুদ আহত হয়েছেন। তাঁকে সাভারের নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে অগ্নিকান্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
.png)
-3f0d26.jpeg)




-452e34-256x144.webp)

