জবিতে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় ৮ নেতাকর্মী বহিষ্কার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্ট্রিম গ্রাফিকস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্ট্রিম গ্রাফিকস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনায় আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য ইমরান হোসেন ইমন, মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজন, ইয়াসিন সাইফ ও কাব্য সাহা। বহিষ্কৃত আটজনের মধ্যে নাহিয়ান বিন হক অনিকের অনুসারী তিনজন, সদস্যসচিব শামসুল আরেফিনের অনুসারী দুজন, যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের অনুসারী দুজন এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির অনুসারী একজন রয়েছেন।

নাহিয়ান বিন হক অনিককে দেওয়া নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এর আগে গত বুধবার রাতে কনসার্টের স্টেজে বসাকে কেন্দ্র করে সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে তিনজন আহত হন। ওই ঘটনায় তাদের দুজনকে শোকজ করা হয়েছিল।

এর তিন দিন পর রোববার দুপুরে বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসের ভেতরে সদস্যসচিব শামসুল আরেফিন ও নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে ফের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে দেখা যায়। দফায় দফায় চলা এই সংঘর্ষে অর্থনীতি বিভাগের আলাউদ্দিন অনির, লোকপ্রশাসন বিভাগের মোহাম্মদ ইমন ও ইংরেজি বিভাগের আসিফ আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল স্ট্রিমকে বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে আমরা সবসময় নিবেদিতপ্রাণ। সংগঠন বা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করলে সে যেই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও কেউ এমন চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত