জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই কমিশন গঠন করা হবে: নজরুল ইসলাম খান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯: ৫৬
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করে ঢেলে সাজানোর লক্ষ্যে খুব শিগগিরই 'জনপ্রশাসন সংস্কার কমিশন' গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন পূর্তির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ‘প্রশাসনিক সংস্কার কমিশনকে যারা সহায়তা করবে, তাদের সমস্যাগুলো দূর করে কমিশন গঠন করা হবে। এ কারণে কিছুটা সময় লাগলেও শিগগিরই কমিশন গঠিত হবে ইনশাআল্লাহ।’

একই বিষয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ জানান, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত জনপ্রশাসন সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে আসেনি। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু প্রাথমিক কাজ শুরু করা হয়েছে।

ইসমাইল জবিহউল্লাহ আরও বলেন, ‘বিগত সরকারের অনুগত ব্যক্তিদের চিহ্নিত করে সরিয়ে দেওয়ার কাজ ধারাবাহিকভাবে চলছে। প্রশাসনকে অহেতুক রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতেই খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে।’

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, গণমাধ্যম কমিশন গঠনের কাজও শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘অংশীদারদের সঙ্গে আলোচনার পর একটি ওয়ার্কিং গ্রুপ ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের খসড়া তৈরি করবে, যা পরে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ভগ্নদশা ও ভঙ্গুর পরিস্থিতির মধ্য থেকেও ১৮০ দিনে স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সরকারের একটি বড় অর্জন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই কমিশন গঠন করা হবে: নজরুল ইসলাম খান