পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

পুলিশের লোগো

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো এসব কর্মকর্তার বেশির ভাগ ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), ডিআইজি সাইফুল ইসলাম (গ্রেপ্তার), ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, ডিআইজি এসএম মোস্তাক আহমেদ খান, ডিআইজি জিহাদুল কবির, ডিআইজি মঈনুল হক, ডিআইজি ইলিয়াছ শরীফ, ডিআইজি শ্যামল কুমার নাথ, ডিআইজি জাকির হোসেন খান, ডিআইজি শাহ আবিদ হোসেন, ডিআইজি জামিল হাসান, ডিআইজি মাহবুবুর রহমান, ডিআইজি মো. মনিরুজ্জামান।

অতিরিক্ত ডিআইজি বরকতুল্লাহ খান, অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন খান, অতিরিক্ত ডিআইজি মোহা. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মেহেদুল করিম, অতিরিক্ত ডিআইজি আলমগীর কবীর, অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডু, অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি এসএম এমরান হোসেন, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার, পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি খান মুহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত ডিআইজি সাজিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ এবং অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ।

বাধ্যতামূলক অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, সরকার জনস্বার্থে কারণ দর্শানো ছাড়াই তাঁকে অবসরে পাঠাতে পারে। ২০তম ব্যাচের এই কর্মকর্তারা ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগ দিয়েছিলেন। সেই হিসেবে গত ৩০ মে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে।

এর আগে রোববার ফরিদপুর ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জ ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত