চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২১
চুয়েটে উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
চুয়েটে উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন থেকে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, “সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাঁকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি—সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।”

এদিকে, বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচি বৃহস্পতিবারও চলছে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা রয়েছে।

এর আগে, ২১ সেপ্টেম্বর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এতে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত