হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত, বাংলাদেশি প্রকৌশলীসহ উদ্ধার ২৭

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থ জাহাজ ও নিহত সুরজ যাদব। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থ জাহাজ ও নিহত সুরজ যাদব। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ হামলায় জাহাজটির ইঞ্জিনরুমে আগুন ধরে যায়। পরে ওমানের নৌবাহিনী জাহাজে থাকা ২৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। তাদের মধ্যে জাহাজটিতে কর্মরত একজন বাংলাদেশি প্রকৌশলীও রয়েছেন।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার ও ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘এমভি কেপ দাও’ সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে কয়লা খালাস করে ভারতের দিকে যাচ্ছিল। ১ লাখ ৭০ হাজার টন ধারণক্ষমতার জাহাজটি ওমানের উপকূল থেকে প্রায় ২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিনরুমে আগুন ধরে যায় এবং একজন ক্রু নিহত হন।

এফএসইউআই তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। একটি জাহাজের বন্দর পাশের সি-ডেকে, যেখানে নাবিকদের থাকার ব্যবস্থা ছিল, এবং অপরটি ইঞ্জিনরুমের কাছাকাছি বন্দর পাশের মূল কাঠামোয় আঘাত করে। সংগঠনটির তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, তাঁদের মধ্যে ২০ জন ভারতীয়।

নিহত নাবিকের নাম সুরজ যাদব। ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা সুরজ জাহাজটির উইপার হিসেবে কর্মরত ছিলেন। হামলায় তাঁর মৃত্যু হয়। তবে জাহাজে আগুন জ্বলতে থাকায় তাঁর মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে ক্যাপ্টেন আতীক ইউএ খান এক আপডেটে জানিয়েছেন।

সামুদ্রিক সূত্রের বরাতে জানা গেছে, জাহাজটির ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। প্রধান প্রকৌশলী বাংলাদেশের মোহাম্মদ আমান উল্লাহ। তিনি বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির ১৫তম ব্যাচের সাবেক ক্যাডেট।

ওমানের কর্তৃপক্ষ উদ্ধার করা নাবিকদের নিরাপদে তীরে নিয়ে গেছে। ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের একটি হোটেলে রাখা হবে। পরে নিজ নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দূতাবাস।

হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমা দিয়ে ভারত যাওয়ার সময় জাহাজটিতে হামলা হয়। এ ঘটনায় ইরান বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষই এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। আঞ্চলিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত