ফিফা আসিয়ান কাপ ফুটবল

৪৪ বছর পর মালয়েশিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৩
স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

একটা জয়, তারপর ৪৪ বছরের অপেক্ষা। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফুটবল ইতিহাস যেন সেই এক জয়েই আটকে আছে। ১৯৮২ সালের ২৪ নভেম্বর দিল্লিতে এশিয়ান গেমসে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর তাদের বিপক্ষে আর জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল। এবার সেই দীর্ঘ অপেক্ষা ভাঙার সুযোগ নতুন প্রজন্মের সামনে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ফিফা আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। নতুন এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচও এটি।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাস অবশ্য খুব একটা সুখকর নয়। দুই দলের ১০টি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে একটিতে, ড্র করেছে দুটিতে। বিপরীতে মালয়েশিয়ার জয় সাতটি। সর্বশেষ ২০২২ সালের এশিয়ান কাপ বাছাইয়ে মালয়েশিয়ার মুখোমুখি হয়ে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে ৪৪ বছর আগের সেই জয় এবার বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের উৎস হতে পারে। ইতিহাসে একবার পেরেছে বাংলাদেশ, এবার নতুন প্রজন্মের সামনে সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করার সুযোগ।

সেই নতুন প্রজন্মের অন্যতম মুখ ইংল্যান্ডে বেড়ে ওঠা ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। এবারই প্রথম বাংলাদেশের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ফুলহামের সঙ্গে চুক্তিবদ্ধ ফারহান বর্তমানে ইংলিশ ন্যাশনাল লিগের দল বোরহাম উডে ধারে খেলছেন। ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত তাঁকে লোনে নিয়েছে ক্লাবটি।

চলতি মৌসুমে বোরহাম উডের হয়ে ন্যাশনাল লিগ কাপে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোল করেছেন ফারহান। ওই ম্যাচে একটি গোলে সহায়তাও করেন তিনি। গত ৮ সেপ্টেম্বর নিউক্যাসেল ইউনাইটেডের অনুর্ধ-২১ দলের বিপক্ষেও গোল করে দলকে জিততে সহায়তা করেন এই উইঙ্গার।

তাই বাংলাদেশের আক্রমণভাগে তাঁর ফিনিশিংয়ের দিকে বাড়তি নজর থাকছে। কোচ টমাস ডুলিও ফারহানের গোল করার দক্ষতার প্রশংসা করেছেন।

গতকাল বাফুফের প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশের জার্সিতে প্রথম বড় মঞ্চে নামার আগে ফারহান বলেন, ‘আমার পুরো পরিবারই বাংলাদেশি। দেশের হয়ে আমার খেলার সিদ্ধান্তের ব্যপারে তাঁরা খুশি হয়েছেন। এতে আমিও খুশি। এখন মাঠে পারফর্ম করে তাদের গর্বিত করতে চাই।’

বাংলাদেশ দলে ফারহানের জন্য বাড়তি অনুপ্রেরণা হামজা চৌধুরী। বাংলাদেশি ফুটবল অঙ্গনের এই সেনসেশনকে নিয়ে তিনি বলেন, ‘হামজা দক্ষিণ এশিয়ার ফুটবলারদের জন্য একজন রোল মডেল। তাঁর সঙ্গে খেলতে পারাটা সম্মানের। আশা করি মাঠে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হবে এবং আমরা বাংলাদেশের হয়ে ম্যাচ জিততে পারব।’

নতুন সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা ও সহযোগিতা ফারহানকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করেছে। উচ্ছ্বসিত ফারহান বলেন, ‘জাতীয় দলের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য ভীষণ গর্বের ব্যপার। এখানে আমি নিজের সেরাটা দিয়ে লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে দারুণ কিছু এনে দিতে চাই। দল হিসেবে আমাদের বিশেষ কিছু করার সামর্থ্য আছে বলেই আমি মনে করি। আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করছি এবং একে অপরের সঙ্গে বোঝাপড়াটা আরও মজবুত হচ্ছে।’

ফারহানের সেই ভালো করার প্রথম পরীক্ষাই মালয়েশিয়া। ৪৪ বছর আগে যে প্রতিপক্ষকে হারিয়েছিল বাংলাদেশ, এবার সেই মালয়েশিয়ার বিপক্ষেই নতুন প্রজন্মের লড়াই। জাকার্তায় পুরোনো সেই জয়ের স্মৃতি ফিরিয়ে নতুন ইতিহাস লেখার লক্ষ্যেই কাল মাঠে নামবেন হামজা-ফারহানরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত