
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পুরুষ হকিতে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে জয় পেল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করে বাংলাদেশ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ১৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। দুই মিনিট পরই অবশ্য একটি গোল শোধ করে শ্রীলঙ্কা। পেনাল্টি কর্নার থেকে কুশাল উইরাপুলি গোল করে ব্যবধান ২-১ করেন।
তবে শ্রীলঙ্কার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আমিরুল। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ৪৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৪-১ করেন মাহবুব হোসেন।
শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ৫৪তম মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় দলটি। সেখান থেকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন আশরাফুল ইসলাম। এরপর আর কোনো গোল না হলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচজুড়ে পেনাল্টি কর্নার আদায়ে দারুণ কার্যকর ছিল বাংলাদেশ। মোট ১৮টি পেনাল্টি কর্নার পায় তারা, যার চারটি থেকেই গোল আসে। শ্রীলঙ্কা পায় সাতটি পেনাল্টি কর্নার এবং সেখান থেকে একটি গোল করে।
এটি এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ হকি দলের প্রথম জয়। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল তারা। শ্রীলঙ্কাকে হারানোর পর ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে পুল ‘এ’-এর পরের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
.png)






