সৃজনশীল প্রচেষ্টায় সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ২০: ৫৬
পরিদর্শন শেষে আয়োজিত সভায় কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম বিট সুগার মিল কৃষি শিল্পে সম্ভাবনা তৈরি করেছে। সরকার এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সব সহায়তা দেবে।

শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী চর তিস্তাপাড়ায় দেশের প্রথম বিট সুগার মিল পরিদর্শন শেষে এক সভায় এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধু তাত্ত্বিক নয়, বরং প্রায়োগিক ভাবে এই উদ্যোগ সফল হয়েছে। গুড় উৎপাদন থেকে শুরু করে আধুনিক চিনি উৎপাদনের প্রস্তুতি—সব মিলিয়ে এটি আশাব্যঞ্জক মডেল।’ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে সেবা অনলাইন করার কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকার প্রয়োজনে উদ্যোক্তাদের সুবিধার্থে নিকটবর্তী এলাকায় শাখা অফিস স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, কার্গো পরিবহন ও রপ্তানি ব্যয় কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলকভাবে পণ্য পাঠানোর বিষয়ে সরকার কাজ করবে। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি খাতে সুযোগ সৃষ্টি হবে।’ তিনি আরও জানান, বিট সুগার উৎপাদনের সম্ভাবনা নিয়ে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করা হবে এবং উদ্যোক্তাদের প্রয়োজন হলে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এই মিলের উদ্যোক্তা মো. আব্দুস সালাম জানান, ভূমির উচ্চতা এবং শীতের দীর্ঘতার কারণে রংপুর বিভাগ সুগার বিট চাষের সবচেয়ে উপযোগী। ২০১৩ সাল থেকে বিভিন্ন জেলায় পরীক্ষামূলক চাষ শুরু করে ভালো ফল পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সাল থেকে এই মিল হতে চিনি উৎপাদন শুরু হবে। এ কারখানা হতে বছরে ৪৫ হাজার টন চিনি, ৪৮ লাখ সিবিএম গ্যাস, ৪৫ হাজার টন জৈব সার এবং ৩০ হাজার টন পশুখাদ্য উৎপাদন হবে। এ সময় তিনি ইপিবির সনদ প্রাপ্তি সহজ করা, দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য চুক্তি এবং উত্তরবঙ্গ হতে বিমানের কার্গো ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া বেগম।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত