পুলিশের পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

পুলিশ পদক

‘অনিবার্য কারণবশত’ এবছরের পুলিশ সপ্তাহে মনোনীত সদস্যদের পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিপিএম, পিপিএম এবং আইজিপি ব্যাজের জন্য মনোনীত মোট ৪৪৮ সদস্যের এ সম্মাননা প্রাপ্তি আপাতত পিছিয়ে গেল।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পদক প্রদানের বিষয়টি পিছিয়ে গেছে। কবে নাগাদ হবে, সেটিও চূড়ান্ত করা হয়নি।’

পরবর্তী সময়ে এ পদক দেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। তবে তালিকায় থাকা পদকপ্রাপ্তদের নাম অপরিবর্তিত থাকবে, নাকি পরিবর্তন হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত।’

এবারের পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য দুই ধরনের পদক প্রদানের কথা ছিল। দুটিই স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ এবং অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার জন্য বিপিএম ও পিপিএম পদকে মোট ১০৭ সদস্য মনোনীত হয়েছেন। এর মধ্যে পুলিশের পাশাপাশি র‍্যাবে কর্মরত সেনাবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।

‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজিপি ব্যাজের জন্য মনোনীত হয়েছেন ৩৪১ সদস্য। এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে ১০৭ সদস্যকে পদক পরিয়ে দেওয়ার কথা ছিল। অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ৩৪১ সদস্যকে ব্যাজ দেওয়ার কথা ছিল।

পদকপ্রাপ্তির তালিকায় নাম থাকলেও বর্তমান স্থগিতাদেশের কারণে প্যারেড গ্রাউন্ডে নির্ধারিত এর আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে না।

পদক প্রদানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও কী কারণে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে প্রশাসনিক বা কৌশলগত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী সময়ে কবে নাগাদ এ পদক ও ব্যাজ প্রদান করা হবে, সে বিষয়ে শিগগিরই নতুন নির্দেশনা জারি করা হবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সম্পর্কিত