ঘুড়ি উৎসবে শেষ হলো নাগরিক উদ্যোগের ঈদ উদযাপন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৯: ৪৭
নাগরিক উদ্যোগের ঈদ উদপযাপনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

ঈদের দ্বিতীয় দিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসব দিয়ে শেষ হয়েছে নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনের বর্ণাঢ্য ঈদ উদযাপন।

রোববার বিকাল ৪টায় ঘুড়ি উড়িয়ে শেষ দিনের আয়োজন শুরু করেন উৎসবের আয়োজক এবং এনসিপির মূখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঘুড়ি উৎসবে অংশ নিতে এসেছিলেন বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষ। উৎসবে শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত মানুষ এসেছে ঘুড়ি উৎসব দেখতে। অনেকেই আয়োজকদের কাছ থেকে ঘুড়ি ও নাটাই সংগ্রহ করে ঘুড়ি উড়াচ্ছেন। বিভিন্ন পশুপাখির মটিফে তৈরি ঘুড়ি নিয়ে শিশুদের ছিলো আলাদা আগ্রহ।

কেনো ঈদ আয়োজনে ঘুড়ি উৎসব জানতে চাওয়া হলে আসিফ মাহমুদ স্ট্রিমকে বলেন, ‘ঘুড়ি দেশের গ্রামগঞ্জে ঐতিহ্য। পুরান ঢাকার মানুষ এটাকে উৎসব করে উড়ায়। নির্দিষ্ট পেরিফেরির বাইরে এই ঐতিহ্যকে মেইন স্ট্রিম করার জন্য এই আয়োজন।’

সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোহেল ইসলাম পরিবারের ৫ সদস্যকে নিয়ে এসেছেন ঘুড়ি উৎসবে। সোহেল স্ট্রিমকে বলেন, ‘আমার খুব ভালো লাগছে। ঘুড়ি আকাশে উড়ানোর চেষ্টা করছি। উড়াতে পারলে আরো ভালো লাগবে।’

অধিকাংশ দর্শনার্থী এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক জাফরিন সুলতানা ছেলেকে নিয়ে এসেছেন ঘুড়ি উৎসবে। তিনি বলেন,’ছেলেকে নিয়ে এসেছি। এইরকম উৎসব যতো হবে আমাদের নতুন প্রজন্ম ভালো কিছু শিখবে। আমরা কোনো নৈরাজ্য দেখতে চাই না। আমরা যেভাবে বড় হয়েছি সেভাবেই নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই।’

তিন দিনব্যাপী ঈদ আয়োজনের প্রথম দিন চাঁদরাতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছিলো মেহেদি উৎসব। ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহ থেকে ঈদ মিছিল বের করা হয়।

ঈদ উৎসব আয়োজন কমিটি-২০২৬-এর সদস্য জুবায়ের হোসাইন স্ট্রিমকে বলেন, ‘এবারের আয়োজন খুব ভালো হয়েছে। আগামী বছর সকল মতের পথের মানুষদের নিয়ে আরো বড় পরিসরে এই আয়োজন করতে চাই।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত