নীলফামারীতে ট্রাক চাপায় ভ্যানচালকসহ একই পরিবারের চারজন নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নীলফামারী

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৮: ১৭
নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন নদীয়াপাড়ার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), দুই ছেলে পিতোসা বর্মন (৮) ও যাদব বর্মন (৪)। অপরজন প্রদীপ বর্মনের ভাই ভ্যানচালক পরিমল বর্মন (৪০)। তাঁদের বাবার নাম অলি বর্মন। দুর্ঘটনায় আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা মৃত আলাউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে ভাশুর পরিমলের ব্যাটারিচালিত ভ্যানে দুই ছেলেসহ আত্মীয় বাড়ি যাচ্ছিলেন প্রতিমা রানি। পথে নদীয়া এলাকায় একটি দ্রুত গতির খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের চাপা দেয়। এতে যাত্রীবাহী ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক ও তিনজন যাত্রী নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে খালি ট্রাকটি পড়ে আছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এসব তথ্য নিশ্চিত করে ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Ad 300x250

সম্পর্কিত