রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৯: ৪৪
 সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত
সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয়েও ভোট দেননি ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে চারজন বর্তমানে বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি বলে জানা গেছে।

ভোট না দেওয়া সংসদ সদস্যরা হলেন—মির্জা আব্বাস (ঢাকা-৮), মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩), ড. মুহাম্মদ ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), আবুল হাসান (সিলেট-৫) ও রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২)।

তাদের মধ্যে অসুস্থতার কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দেন মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা। সংসদকে আগে অবহিত না করলেও ড. মুহাম্মদ ওসমান ফারুক ও আবুল হাসান বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি বলে জানা গেছে।

ওসমান ফারুকের বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, তিনি সংসদকে অবহিত না করলেও প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন।

খেলাফত মজলিসের প্রচার সম্পাদক আব্দুল হাফিজ খসরু বলেন, ‘আমাদের দলের সংসদ সদস্য আবুল হাসান সাংগঠনিক কাজে লন্ডন সফরে রয়েছেন। এজন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেননি।’

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম অসুস্থতার কারণে ভোট দিতে পারেননি বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি হার্টের রোগী। গত তিন দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলাম। আজ সকালে বের হওয়ার সময় ব্যথা বেড়ে যাওয়ায় আমাকে হাসপাতালে যেতে হয়। এজন্য আমার আর যাওয়া হয়নি।’

তবে গাজী নজরুল ইসলাম অসুস্থতার কথা বললেও বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, শৃঙ্খলাজনিত কারণে দল থেকে বহিষ্কার করায় তিনি অনুপস্থিত ছিলেন। নির্বাচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা কেন ভোট দেননি, তা জানা যায়নি। তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি