সরকারের পাঁচ মাসে জনদুর্ভোগ ও ক্ষোভ বেড়েছে: জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২২: ১৩
সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসে জনদুর্ভোগ ও মানুষের ক্ষোভ বেড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩ আগস্ট) মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘নতুন সরকারের পাঁচ মাসেই চারদিকে জনদুর্ভোগ বেড়েছে। মানুষের ক্ষোভ বেড়েছে। লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ এবং জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে।’

গোলাম পরওয়ার জানান, দেশে গ্যাসের সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বাড়া এবং লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে। এর ফলে নারীরা রাজপথে রান্নার হাঁড়ি ও কড়াই নিয়ে বিক্ষোভ করতে বাধ্য হচ্ছেন।

গ্যাস ও জ্বালানি খাতের অব্যবস্থাপনা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, একদিকে গ্যাসের মূল্য বাড়ছে, অন্যদিকে উৎপাদন কমছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান বা উত্তোলনে সরকারের কোনো উদ্যোগ নেই। এলপিজির দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং সিএনজি স্টেশনসহ পোশাক, সার ও ইস্পাত কারখানায় উৎপাদন কমে গেছে।

বিদ্যুৎ খাত সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, ২০২৬ সালে বিদ্যুতের দাম বাড়ানো হলেও ভুতুড়ে বিল নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। প্রকৃত ব্যবহার ছাড়া বিদ্যুতের বিল বাড়িয়ে নিম্ন আয়ের মানুষকে চরম ভোগান্তিতে ফেলা হচ্ছে।

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার জানান, চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। যারা বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা ভুল ব্যাখ্যা দিচ্ছেন।’

তিনি অভিযোগ করেন, জনদুর্ভোগের দিকে নজর না দিয়ে সরকার বিভ্রান্তিকর কাজে ও বিরোধী দল দমনে ব্যস্ত রয়েছে। প্রশাসনে দলদাসদের নিয়োগ ও পদোন্নতি দিচ্ছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারকে ফ্যাসিবাদের পথ ছেড়ে জনগণের দুঃখ-কষ্ট দূর করা এবং গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে জনগণকে নিজেদের অধিকার ও জনদুর্ভোগের বিষয়ে সোচ্চার থাকার অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত