১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার ছিলেন: নিপুণ রায় চৌধুরী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬: ২৯
ঝিনাইদহ বৃক্ষরোপন, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে নিপুণ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ বৃক্ষরোপন, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে নিপুণ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে।

সোমবার (২০ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণে এসব কথা বলেন নিপুণ রায়। ঈমাম ও পুরোহিতদের উদ্দেশে তিনি বলেন, মসজিদে বয়ানের সময় ঈমামদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির বক্তব্য দেবেন। পুরোহিতরাও মন্দিরে মন্দিরে মানুষকে মাদকের বিষয়ে সচেতন করবেন।

নিপুণ রায় বলেন, মাদকের বিস্তার রোধে শুধু সচেতনতা বাড়ালে হবে না। তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। খেলাধুলায় মনোযোগী হলে যুব সমাজের হতাশাগ্রস্থ হওয়ার প্রবণতা কমে যাবে। শুধু বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করলেই হবে না, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করতে হবে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন নিপুণ রায় চৌধুরী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত