নোয়াখালীতে ট্রিপল মার্ডারে ৩ জনের মৃত্যুদণ্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৬: ০২
নোয়াখালী জেলা আদালত। ছবি: সংগৃহীত

নোয়াখালীর মাইজদীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দেন। রায়ে তিনজনের যাবজ্জীবন ও দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পেয়েছেন- বেগমগঞ্জের ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) ও নোয়াখালী পৌর এলাকার সৌরভ (২৭)। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বেগমগঞ্জের ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুলকে (৪৫)। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকার সরকারি পুরোনো কলেজ সংলগ্ন পুকুরে স্থানীয় কিশোর রাজীব কুকুরকে গোসল করাতে যায়। এ সময় স্থানীয় সৌরভের সঙ্গে রাজীবের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় সন্ধ্যায় সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে রাজীব তাঁর দুই বন্ধু ওয়াসিম (২২) ও ইয়াছিনকে (২৩) নিয়ে কলেজের পুরোনো ক্যাম্পাস এলাকায় গেলে তাদের ওপর অতর্কিত গুলি করা হয়।

এজাহারে বলা হয়, স্থানীয় যুবক ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান, সৌরভ, কুদরত উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পী ও হারুনুর রশীদ বাবুল এবং তাদের সহযোগীরা এই হামলা চালান।

গুলিতে ঘটনাস্থলেই রাজীব নিহত হন। তাঁর দুই বন্ধু ওয়াসিম ও ইয়াছিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে রাজীবের মা কামরুন্নাহার বেগম আটজনের নামে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী রাশেদ জানান, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট। তবে এই ঘটনায় একজন আটক থাকলেও, বাকি পাঁচ আসামি পলাতক। তাদের গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানান তিনি।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাজীবের মা কামরুন্নাহার বেগম বলেন, ‘এই রায়ে আমি খুব খুশি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

নোয়াখালীতে ট্রিপল মার্ডারে ৩ জনের মৃত্যুদণ্ড