ডেঙ্গুতে আগস্টের ১৮ দিনেই জুলাইয়ের রেকর্ড পার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২১: ৪১
গত জুলাই মাসের তুলনায় আগস্টের প্রথমার্ধেই আক্রান্ত হাজারের বেশি। স্ট্রিম গ্রাফিক
গত জুলাই মাসের তুলনায় আগস্টের প্রথমার্ধেই আক্রান্ত হাজারের বেশি। স্ট্রিম গ্রাফিক

চলতি আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে চলতি বছরের অন্য সব মাসের তুলনায়ও এ সংখ্যা এককভাবে সর্বোচ্চ। এতে আগস্টে ডেঙ্গুতে রেকর্ড সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। গত জুলাই মাসের তুলনায় আগস্টের প্রথমার্ধেই আক্রান্ত হাজারের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২০৯ জন। এর আগে একক মাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ হাজার ৮১ জন। ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন। আর আগস্টের প্রথম ১৮ দিনেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। আগস্টের প্রত্যেক দিনই আক্রান্ত বেড়েছে। ফলে সামনে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। আর নতুন রোগী নিয়ে এ বছর ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ স্ট্রিমকে বলেন, ‘চলতি বছরের প্রথম পাঁচ মাস খুবই কম ছিল ডেঙ্গুর প্রকোপ। কিন্তু জুন, জুলাই ও আগস্ট তিন মাসেই আক্রান্ত বেড়েছে। এর মানে এডিস মশার বংশবৃদ্ধি হয়েছে। সামনে আক্রান্ত আরও বাড়তে পারে।’

ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা গত কয়েক বছরের ভয়াবহ পরিস্থিতির আশঙ্কাও তৈরি করছে। ২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

এর পরের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর মারা যান ৫৭৫ জন। আর গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মৃত্যু হয় ৪১৩ জনের।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত