রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৩: ১৫
স্ট্রিম গ্রাফিক

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ রাকিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সোয়া ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত রাকিব রাজধানীর কুড়িলের কুরাতলী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। গাজীপুরের বোর্ডবাজারে হান্নান গ্রুপের একটি পোশাক কারখানায় কাজে যাচ্ছিলেন তিনি। আজ ছিল তাঁর নতুন চাকরির দ্বিতীয় দিন।

তাঁকে হাসপাতালে নেওয়া পথচারী মোহাম্মদ আবু রায়হান স্ট্রিমকে বলেন, সকালে বৃষ্টির মধ্যে কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে কয়েকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আবু রায়হান জানান, রাকিবের কাছে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়। সদ্য অনার্স (স্নাতক) শেষ করেছিলেন রাকিব। কিছুদিন আগে তাঁর পরিবার গ্রাম থেকে ঢাকায় এসে বসবাস শুরু করে।

হাসপাতালে রাকিবের স্বজনরা জানান, তাঁর বাবার নাম মফিজুল ইসলাম। তিন ভাইয়ের মধ্যে রাকিব ছিলেন সবার বড়। তাঁদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চরখলিফা গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন স্ট্রিমকে জানান, বিমানবন্দর পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়েছে। খোঁজখবর নিতে তাঁদের একটি দল হাসপাতালে যাচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত