দক্ষিণে বৃষ্টি কমতে পারে কাল, উত্তরে বেড়ে বন্যার শঙ্কা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৩: ০৭
মিরপুরের কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় ডুবে গেছে রাস্তা, মিলছে না গণপরিবহণ : স্ট্রিম ছবি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টি কমতে পারে আগামীকাল সোমবার। তবে কমবে শুধু দক্ষিণাঞ্চলে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেশের অন্তত সাতটি জেলায় বন্যার সৃষ্টি হয়েছে।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীও। আজ (১২ জুলাই) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্ট্রিমকে জানান, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৯টা পর্যন্ত আরও ২৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। দুপুর ২টা পর্যন্ত ঢাকায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও খুলনায় বৃষ্টিপাত অব্যাহত আছে। তবে আগামীকাল সোমবার থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। এ ছাড়া কক্সবাজারে ১১৫, আরিচায় ১০৬ এবং ফরিদপুরে ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে।

উত্তরে বাড়ছে বন্যার শঙ্কা

দক্ষিণাঞ্চলে কাল থেকে বৃষ্টি কমার আভাস থাকলেও উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে তা অব্যাহত থাকবে। এ বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্ট্রিমকে বলেন, ‘আজ রংপুর ও সিলেটে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকলেও পরবর্তীতে উত্তরের দিকে বৃষ্টি থাকবে।’

ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সাঙ্গু, খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি এখনই বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

Ad 300x250

সম্পর্কিত