পুলিশ সদরদপ্তর

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার হয়নি ১৩%

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে মোট ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৮ শিশু এখনো উদ্ধার হয়নি, যা মোট নিখোঁজের ১৩ শতাংশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচ্য সাত মাসে শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ৪৭৪টি। এর মধ্যে উদ্ধার হয়েছে ৪০৬ শিশু। একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ১৫ হাজার ২৪৩টি জিডির বিপরীতে, উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩ শিশু।

পুলিশ সদরদপ্তর থানা পর্যায়ে জিডির তথ্য যাচাই-বাছাই করে শিশু নিখোঁজের এই সংখ্যা জানিয়েছে। এ সময় নিখোঁজের কারণও খতিয়ে দেখা হয়েছে।

দেখা গেছে, ৯ বছরের কম বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সাথে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে হারিয়ে যায়। এই বয়সী শিশুরা পথ ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারা, একা বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়া ইত্যাদি কারণে নিখোঁজ হয়।

১০ থেকে ১৭ বছর বয়সী শিশুরা অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়ানোর পর লজ্জা, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি, বন্ধু ও সহপাঠীদের প্রভাব ইত্যাদি কারণে নিখোঁজ হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সুবিধা চালু হয়েছে। ফলে জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর আগে ২০২৫ সালে ২২ হাজার ৫৫০, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪ ও ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮ শিশু নিখোঁজের জিডি হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত