-10a04f-480x270.webp)
ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়া এলাকার মো. আল আমিন (২৬), মো. রুহুল আমিন (২৮), মোছা. দুলালী (৩২) ও সুমন সাহা (২০)। তাদের মধ্যে আল আমিনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় ডাকাতির চেষ্টা ও রুহিয়া থানায় মাদক মামলা রয়েছে। এছাড়া সুমন সাহার বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা চলমান রয়েছে।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মো. সোহেল রানাকে (৪৩) গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে গিয়ে হামলার শিকার হয় সদর থানা-পুলিশ। ওই ঘটনায় মামলা পর অভিযান চালিয়ে চারজনকে আজ গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় বাধা দেন স্বজন ও স্থানীয় লোকজন। এ সময় ধস্তাধস্তির সুযোগে পালিয়ে যান সোহেল। তাঁকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা করলে প্রায় ২৫ জন পুলিশের ওপর বাঁশের লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে সাব-ইনস্পেক্টর ওবাইদুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, ‘দায়িত্ব পালনে বাধা দিয়ে পুলিশের ওপর হামলা চালানো গুরুতর অপরাধ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
.png)






