জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪৪
‘শিক্ষক-কর্মচারী ঐক্য জোট’-এর সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্ট্রিম ছবি

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষক-কর্মচারী ঐক্য জোট’-এর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বাজেটসংক্রান্ত সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। নতুন বাজেটে সব বিষয় অন্তর্ভুক্ত না থাকায় তাৎক্ষণিকভাবে সব দাবি পূরণ সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে আন্তরিক।”

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে সমাধান করা হবে। এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সভায় একজন ব্যক্তিকে একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব না দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়োগব্যবস্থায় আসা পরিবর্তনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা দুর্নীতি করি না, করব না এবং করতে দেব না। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।”

অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য আর্থিক বিষয়ে শিগগির বৈঠক করা হবে বলে জানান মন্ত্রী। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “শিক্ষকদের লিখিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। আমরা হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে চাই না; বরং আপনাদের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদী সমাধানে যেতে চাই, যেন পাঁচ-সাত বছর পর একই দাবিতে আবার আন্দোলনে নামতে না হয়।” তিনি আরও জানান, শ্রেণিকক্ষে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত