মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১: ৫৫
রোববার বেলা ১১টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি মাতারবাড়ীতে পৌঁছান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী।

সফরের শুরুতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঘর ও সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন।

মহেশখালী থেকে সড়ক পথে ফটিকছড়ির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে বিকেল সোয়া ৩টায় হাটহাজারীতে গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। এরপর পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই সফরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, অবকাঠামোগত ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সাংগঠনিক বিষয়ও গুরুত্ব পাচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফর করলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফরে গেলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত