সাভারে ককটেল ফুটিয়ে মিছিল আওয়ামী লীগের, আটক ৮

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩৬
গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ সাইদুর ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া (২৪), মিছিলে লোক সংগ্রহকারী মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), সাভার কলেজের শিক্ষার্থী মো. জিন্নাত (১৯), গার্মেন্টস কর্মী ইসমাইল হোসেন (২০), মোজার ফ্যাক্টরি কর্মী মো. তামিম সিকদার (১৮) এবং জুতার দোকানের বিক্রয় কর্মী মো. সাকিন ইসলাম (১৮)। তারা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ১টার দিকে বিপিএটিসির সামনের সড়কে অর্ধশতাধিক ব্যক্তির একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিল চলাকালে মহাসড়কের পাশে একটি ককটেল ফুটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করা হয়। খবর পেয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়াতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলমান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত