হরমুজে ইরান-ওমান নতুন রুট, প্রস্তুতির সেরেও অনিশ্চয়তা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে নোঙর করে থাকা তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে নোঙর করে থাকা তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানে হতে যাওয়া ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদি সামাজিক মাধ্যমে জানান, আঞ্চলিক ঐকমত্যের স্বার্থে এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, কেশম দ্বীপের কাছে ইরানি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলা এবং কিছু আঞ্চলিক দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আলোচনার মাধ্যমে বৈঠকের নতুন তারিখ ঠিক হবে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, হরমুজে জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমান একটি নতুন রুট নির্ধারণে সম্মত হয়েছিল। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় প্রণালিতে প্রবেশের পুরো পথ এবং প্রস্থানের একটি অংশ ইরানের জলসীমার মধ্য দিয়ে পরিচালিত হওয়ার কথা ছিল।

বৈঠকে এই রূপরেখা তোলার কথা থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো পুরোপুরি না মানা পর্যন্ত প্রণালি উন্মুক্ত হবে না।

কূটনৈতিক আলোচনার এই স্থবিরতার খবর এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের প্রধান তেল সরবরাহ পথগুলোতে হামলা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজে একটি জাহাজে অজ্ঞাত অস্ত্রের আঘাতে আগুন ধরে গেলে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে নিজস্ব উপকূলের কাছে জাহাজে হামলায় একজন নিহত ও চারজন আহত হওয়ার কথা জানিয়েছে ইরান।

শুক্রবার ড্রোন হামলার শিকার হওয়ার পর সৌদি আরব তাদের ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ প্রধান পূর্ব-পশ্চিম পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। তেল ব্যবসায়ীরা জানিয়েছেন, লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মজুত দিয়ে সৌদি আরব আর মাত্র ৫ থেকে ৭ দিন তেল রপ্তানি চালু রাখতে পারবে। এরপর বিশ্ববাজারে তেলের সরবরাহের প্রায় ৪ শতাংশ ঝুঁকিতে পড়বে।

সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ে প্রতি গ্যালন ৬.২০ ডলারে পৌঁছেছে।

তথ্যসূত্র: রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত