দশজন নিয়েও ম্যানচেস্টার ডার্বির শেষ হাসি সিটির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ১৯
 জয়ের পর হালান্ড, দোন্নারুম্মা ও দিয়াজের আনন্দ উদযাপন। সংগৃহীত ছবি
জয়ের পর হালান্ড, দোন্নারুম্মা ও দিয়াজের আনন্দ উদযাপন। সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ডার্বিতে দশ জনের দল নিয়েও জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৯তম ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে এনজো মারেসকার শিষ্যরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে সংঘর্ষের জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির ফিল ফোডেন। একজন খেলোয়াড় কম নিয়ে বাকি সময় খেলতে হলেও সিটি দমে যায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণ সত্ত্বেও গোলশূন্য বিরতিতে যায় দুই দল।

ম্যাচের ৬০ মিনিটে ভাগ্য বদলান আর্লিং হালান্ড। যোশকো গাভার্দিওলের ক্রস থেকে নরওয়েজিয়ান এই স্ট্রাইকার বল জালে জড়ান। শুরুতে রেফারি মাইকেল অলিভার অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।

এই গোলের আগে ও পরে ম্যান ইউ বেশ কিছু সুযোগ পেলেও সিটির জালে বল জড়াতে ব্যর্থ হয়েছে। ম্যাচের একেবারে শেষ দিকে ইউনাইটেড ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোর শট দারুণ দক্ষতায় রুখে দেন সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

এই গুরুত্বপূর্ণ জয়ে এবারের মৌসুমে চার ম্যাচে চার জয় নিয়ে সিটির সংগ্রহ ১২ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। অন্যদিকে, চার ম্যাচের দুটিতেই হেরেছে ইউনাইটেড। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তাদের অবস্থান ১৩।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত