সড়কে থেমে থাকা বাস দেখে ব্রেক, চার গাড়ির সংঘর্ষে নিহত ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১: ১৬
ধামরাইয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ঘিরে স্থানীয়দের ভিড়। স্ট্রিম ছবি

সাভারের ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলসহ চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালের দিকে ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা ও মানিকগঞ্জের শিবালয়ের আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তাদের মধ্যে আবাস মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং সুজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা দুজন মামাতো-ফুপাতো ভাই।

পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস থেমে ছিল। পেছন থাকা আসা একটি প্রাইভেটকার শেষ মুহূর্তে গাড়িটি দেখে হঠাৎ ব্রেক করে। এরপর পেছনে থাকা একটি কাভার্ডভ্যান ও দুটি মোটরসাইকেলও ব্রেক করে। ওই সময় স্থানীয় স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে আবাস ও সুজয়দের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার এসআই শাহাদাত হোসেন বলেন, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, তারা জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়েছেন। এটি হাইওয়ে পুলিশের আওতাধীন। তারাই ব্যবস্থা নেবে।

তিনি জানান, সবগুলো গাড়িই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার মূল কারণ– নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বাসটি। সড়কের মধ্যে গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে শেষ মুহূর্তে পেছনের গাড়িগুলো ব্রেক করতে বাধ্য হয়। এভাবেই দুর্ঘটনাটি ঘটেছে।

Ad 300x250

সম্পর্কিত