
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-২০ নারী হকি দলকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। ফলও আসে দ্রুত। ম্যাচের নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন নুপুর। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা ইমা। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নেন অধিনায়ক সারিকা। ৪১ মিনিটে পাকিস্তান একটি গোল পরিশোধ করে ব্যবধান ৩-১ করে। তবে দুই মিনিট পরই বাংলাদেশের কনা গোল করে ব্যবধান ৪-১ করেন।
চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আইরিন গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৫-১ ব্যবধানে। ম্যাচজুড়ে বাংলাদেশ ১০টি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে একটি গোল আদায় করতে পারে। এ জয়ে চ্যালেঞ্জার পুলে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
.png)






