বাস্তবমুখী সফটওয়্যার উদ্ভাবনে শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৬: ২১
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কার্যকর ও বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করতে পারলে শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আয়োজিত ‘স্কিল ইজ দ্য ফিউচার: ইয়ুথ এমপ্লয়েবেলিটি সামিট-২০২৬’ শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সামিটে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প তৈরির আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী এ সময় ‘ক্রাইম প্যাটার্ন রিকগনিশন’ ও ‘ক্রাইম ডিটেকশন সফটওয়্যার’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।

এছাড়া, এসব উদ্ভাবনী প্রকল্প বাজারজাত করার ক্ষেত্রেও সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার শুরু থেকেই দক্ষতাভিত্তিক সংস্কৃতি ও সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শিক্ষা হবে ক্যারিয়ারভিত্তিক। শিক্ষার্থীরা পড়াশোনার জন্য দীর্ঘ কয়েক বছর সময় ও রিসোর্স ব্যয় করে। এই ব্যয়ের বিনিময়ে তো প্রাপ্তি থাকতে হবে। শিক্ষার্থীদের প্রাপ্তি হবে একটি সুন্দর ক্যারিয়ার। সুন্দর ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা।

তিনি আরও বলেন, আমাদের দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এজন্য বিদেশিরা আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুল থেকেই আমরা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিষয়ে মাইন্ড সেট তৈরি করতে চাই। আমাদের সরকার জবাবদিহির সরকার। নির্বাচনের সময় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি।

গ্লোবাল এন্টারপ্রেনরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে সভাপতিত্বে করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত