জামালপুর

মিটার নেই, তবু আসছে বিদ্যুৎ বিল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জামালপুর

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫১
জামালপুরে মিটার ছাড়াই বিদ্যুৎ বিল পেয়েছেন এক গ্রাহক। ছবি: সংগৃহীত
জামালপুরে মিটার ছাড়াই বিদ্যুৎ বিল পেয়েছেন এক গ্রাহক। ছবি: সংগৃহীত

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে নিমাই চন্দ্র এ কথা জানান।

মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকার বাসিন্দা শ্রী নিমাই চন্দ্র সরকার। গত ২৫ আগস্ট বিদ্যুৎ বিলের কাগজ হাতে পান তিনি।

নিমাই চন্দ্র সরকার বলেন, আমার বাসায় ৩টি মিটার এবং দোকানে ২টি বাণিজ্যিক মিটার। আর একটা মিটারের জন্য আমি আবেদন করি মন্দিরে লাগানোর জন্য। ভুলবশত উনারা মন্দিরে না লাগিয়ে আমার বাসায় লাগিয়ে যায়।

পরে গত জুলাইয়ে কাঁঠালের ডাল পড়ে মিটারটি ভেঙে যায়। তারপর বিদ্যুৎ অফিসের লোক মিটারটি খুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর জুলাই মাসের বিলও আসে।

তিনি আরও বলেন, মিটার মন্দিরে নেই, আমার বাড়িতেও নেই। তবে কেন বিল আসলো। আমিতো বিদ্যুৎ তো আমি ব্যবহার করিনি। বিষয়টি সমাধান করতে বিদ্যুৎ অফিস থেকে লোকজন এসেছিল।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, খালি স্থানটিতে আগে একটি আবাসিক মিটার ছিলো, তবে মিটারের গ্রাহক সেই মিটারটি বাণিজ্যিক ভাবে চেয়ে আবেদন করেছিলেন। তাই আগের যে আবাসিক ছিলো সেইটার আগস্ট মাসের বিল এসেছে। তবুও আমরা তদন্ত করার জন্য টিম পাঠিয়েছি। যদি কোনো গাফিলতি বা ঘটনা সত্যি হয় তবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত